বরিশাল নগরীতে কিশোরীকে আটকে রাতভর পালাক্রমে গণধর্ষণের অভিযোগে ইমরান আলী শোভন (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার(২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
আটক ইমরান আলী শোভন নগরীর ২৫ নম্বর ওয়ার্ড রূপাতলী নতুন আবাসিক এলাকার বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কিশোরী (১৬ বছর ১০ মাস) বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে রূপাতলী নতুন আবাসিক এলাকায় ঘুরতে যায়। এ সময় তাদের আটকে শোভন তার বাসার দোতলার ভাড়াটিয়ার কক্ষে নেয়। পরে রাতভর কিশোরীকে চারজন পালাক্রমে ধর্ষণ করে। এছাড়াও কিশোরীর বন্ধুর মোটরসাইকেল আটকে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তাকে বেদম পেটায়।
তিনি বলেন, সকালে কিশোরীর বন্ধু কৌশলে পালিয়ে এসে পুলিশকে অবহিত করে। পরে তারা কিশোরীকে উদ্ধার ও শোভনকে আটক করেন। এছাড়াও আটক রাখা মোটর সাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, ধর্ষিত তরুণীকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নামধারী একজন ও অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামি করে মামলা করেছে। মামলায় আসামিদের বিরুদ্ধে আটকে রেখে চাঁদা দাবি, পালাক্রমে ধর্ষণ ও ধর্ষণে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।
অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।